শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ০৯নং মনোহরপুর ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল আনুমানিক ৮ টার সময় মনোহরপুর ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামে মশিয়ার এর বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেনের ছেলে ও শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সমর্থিত একটি পক্ষের সঙ্গে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও স্থানীয় মাতব্বর জাহিদ চৌধুরী সমর্থিত অপর পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।
সংঘর্ষে সাজ্জাদ হোসেন গ্রুপ সমর্থিত ফদিয়ার মেম্বার (৫০), জাহিদুল বিশ্বাস (৪০), আহম্মাদ শেখ (৫৫), সোহেল বিশ্বাস (২৭) ও তুহিন মোল্লা (৩৫) গুরুতর আহত হন। আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় জাহিদ চৌধুরী গ্রুপ সমর্থিত মিজানুর রহমান, শরিফুল মেম্বার, মোহন, দিয়ানত শেখ, ইকবাল হোসেন, সুমন, হান্নান, শাহরিয়ারসহ আরও ১০ থেকে ১২ জন হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষের খবর পেয়ে শৈলকুপা আর্মি ক্যাম্পের সদস্য ও শৈলকুপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান ঘটনা শুনা মাত্রই পুলিশ মোতায়েন করি এবং পুলিশ দশজনকে আটক করেছে। এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।