চট্টগ্রাম ব্যুরো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও গড়িমসি জনগণের মাঝে হতাশা সৃষ্টি করছে। এ অবস্থায় তরুণ প্রজন্মসহ জাতি আর কোনো ধরনের বিলম্ব মেনে নেবে না।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করতে হলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে এবং প্রতিশ্রুত সংস্কারসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আগ্রাবাদ ব্যাংকক মার্কেটের বিপরীতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ওয়ার্ড আমীর ইমরানুল হকের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ খাইরুল বাশার, মহানগরী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ডবলমুরিং থানা আমীর ফারুক আযম প্রমুখ।
অনুষ্ঠানে ২৭ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমীর মজিবুর রহমান এবং ২৪ নং কাউন্সিলর প্রার্থী আবদুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যা উপস্থিত সবার মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।