‘ফ্যামিলি কার্ডের’ মতো কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুসংক্রান্ত একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নীতিগতভাবে বহু আগেই এটি তাদের সিদ্ধান্ত। এখন বাস্তবায়নের জন্য প্রথম বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জহির উদ্দিন স্বপন বলেন, ইনশা আল্লাহ, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। কৃষক কার্ডের পাইলট প্রকল্প কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সময়টি এই মুহূর্তেই বলা যাচ্ছে না। কারণ এতে প্রস্তুতির বিষয় জড়িত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ হচ্ছে, যত দ্রুত সম্ভব এটা করা।

তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষক। মধ্যস্বত্বভোগীরা যেন সুবিধা নিতে না পারে সেজন্যই স্মার্ট কৃষক কার্ড। পর্যায়ক্রমে সব কৃষক এ কার্ড পাবেন। তিনি আরও জানান, দেশের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিনসহ সংশ্লিষ্টমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।