জয়পুরহাট সংবাদদাতা: মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে জেলা জামায়াতের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর সাবেক জেলা সভাপতি আমিমুল এহসান আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা মহান ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির চেতনার অন্যতম ভিত্তি এবং এ চেতনা ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার পথ দেখিয়েছে। তাদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি মাতৃভাষার সঠিক চর্চা ও নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে গুরুত্বারোপ করেন।