রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা

রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম গতকাল বুধবার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ঈদ উত্তোর শুভেচ্ছা বিনিময় করতে বিভিন্ন এলাকা ঘুরে এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে এটিএম আজহারুল ইসলাম একই ইউনিয়নে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় জামায়াতে ইসলামীর রংপুর জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, তারাগঞ্জ উপজেলা আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

জনগণের সাথে কুশল বিনিময়কালে এমপি বলেন, সরকারী বরাদ্দের প্রতিটি অর্থ সহায়তা সরাসরি জনগণের মাঝে বিতরণ কার্যক্রম এই এলাকায় চালুর মধ্য দিয়ে ইতোমধ্যে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। জনগণের কল্যাণেই এসব ব্যয় হবে। এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হলেই মানুষের কল্যাণ সাধিত হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন সবাই মিলে একটি উন্নত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশের কল্যাণ করতে হবে। এজন্য আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠতে কল্যাণের পথে এগিয়ে যেতে হবে। একাজে সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত কল্যাণের পথে এগয়ে যেতে হবে। সততার সাথে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে।