চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দেশীয় অস্ত্র উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের ময়দারমিল থেকে স্কুল মাঠ সড়ক এলাকায় মোরশেদ খান ও শওকত খান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।
ঘটনায় সিএনজি চালক, পথচারী ও এক মিল শ্রমিকসহ চারজন গুলিবিদ্ধ এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। আহতরা হলেন-হাছান (২৬), ফাহিম (১২), জসিম (২৪) ও ইসমাইল মিয়া (৫০)। তাদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-আবু কাউছার (২০), মো. সজিব (১৯), সৈয়দ সুমন (২০) ও মো. বাবলা (১৯)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনাস্থল ও পরবর্তী অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড গুলি এবং দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামি মো. ফারুক হোসেনের বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।