মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতার মাতা হুরুন নাহার (৮৩)-এর দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ আছর মানিকগঞ্জের গিলন্ড মুন্নু মেডিকেল কলেজ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন মরহুমার জামাতা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় হুরুন নাহার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে মরহুমার স্বামী, সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নু–এর কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন। মন্ত্রী আফরোজা খানম রিতা ও তার পরিবারের প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।