উপকূলীয় অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাবে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ও কমনওয়েলথ এর সহযোগীতায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
“প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” শীর্ষক এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দীক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। এছাড়া বক্তব্য দেন শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, দৈনিক সংগ্রাম পত্রিকার শ্যামনগর সংবাদদাতা হুসাইন বিন আফতাব এবং জয়ীতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব দুর্যোগে অন্যান্য মানুষের তুলনায় প্রতিবন্ধী ব্যক্তিরা অধিক ঝুঁকির মধ্যে থাকেন। তাই দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, আগাম সতর্কবার্তা প্রদান, আশ্রয়কেন্দ্রের প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আগাম সতর্কবার্তা যেন সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির জন্য সহজবোধ্যভাবে পৌঁছে দেওয়া যায় এবং আশ্রয়কেন্দ্রগুলোকে প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা যায়—সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ ও পৌরসভা এলাকার স্ব-সহায়ক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন। তারা দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো তুলে ধরেন।