বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের বিওসি মাঠ গুদাম এলাকায় গত ২৭ ডিসেম্বর সংঘটিত জোড়া খুনের মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নির্দোষ ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে।

গত ১৪ জানুয়ারি দুপুরে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার ১৪ নম্বর আসামি ও স্থানীয় জামায়াত নেতা অহিদ আহমদের বড় ভাই মকবুল আলী।

সাংবাদিক সম্মেলনে পরিবারের দাবি লিখিত বক্তব্যে মকবুল আলী বলেন, ২৭ ডিসেম্বর বিকেলে যখন খুনের ঘটনাটি ঘটে, তখন তার ছোট ভাই অহিদ আহমদ ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মুছেগুল গ্রামে ৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের সঙ্গে একটি সালিশ বৈঠকে ছিলেন। বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত চলা ওই বৈঠকে ওয়ার্ড বিএনপি নেতা ইসলাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এমনকি মাগরিবের নামাজ শেষে তিনি বাইতুন নুর জামে মসজিদে শিক্ষক কয়েছ আহমদ, মুয়াজ্জিন মেহরাজ মীম ও শ্রমিক নেতা আবু তাহেরসহ অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিবারের দাবি, ঘটনার সময়কার অবস্থান এবং মোবাইল নেটওয়ার্ক লোকেশন চেক করলেই অহিদ আলীর নির্দোষ হওয়ার অকাট্য প্রমাণ মিলবে।