কক্সবাজার সংবাদদাতা
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সুশাসন কায়েম করতে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। দলীয়করণ করে সুশাসন কায়েম করা যাবে না। তিনি আরো বলেন, ক্ষমতায় এসেই দলীয়করণ করলে পুরনো কালচার থেকে বের হওয়া যাবে না। শনিবার ৭ মার্চ শহরের তারকামানের হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কক্সবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।
বিএনপিকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে হামিদ আযাদ বলেন, সরকারি দলের সাথে আমরা অতীতেও কাজ করেছি। আমাদের মধ্যে সৌহার্দ্য রয়েছে। সেই সৌহার্দ্য ধরে রেখে একসাথে কাজ করতে চাই। আমরা দেশে বিভাজন ও ট্যাগিং সংস্কৃতিতে ফিরে যেতে চায় না। দেশের মানুষের সার্বিক নিরাপত্তার ও কল্যাণ নিশ্চিত করতে অতীতের মতো আমরা সংসদ এবং প্রয়োজনে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবো। দেশে অব্যাহত ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা- বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে দেশের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের উচিত হবে, জুলাইয়ের চেতনার আলোকে দেশ পরিচালনা করা। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের গুরুত্ব রয়েছে। সরকার ও বিরোধীদল একসঙ্গে দেশ পরিচালনা করলে দেশের শান্তি নেমে আসবে। মানুষ স্বস্তিবোধ করবে।
আমরা আশা করব, সরকার জনগণের মনের ভাষা বুঝে দেশ পরিচালনা করবে। সরকারের ইতিবাচক সমস্ত কর্মকা-ে জামায়াতে ইসলামী সার্বক্ষণিক সহযোগিতা করবে। আইনের শাসনের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখলে সরকারের পাশে থাকবে। তিনি আরও আরো বলেন, মানবতার শান্তি ও মুক্তি একমাত্র কুরআনেই নিহিত রয়েছে। এই কুরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, এবি পার্টির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর কাশেম, এনসিপির জেলা সভাপতি প্রফেসর আখতার আলম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মুফতি আবু মুসা, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি জে এইচ এম ইউনুস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল হক চকোরী। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সেক্রেটারি মমতাজ উদ্দিন বাহারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, নবনির্বাচিত সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক।