মোংলা সংবাদদাতা : মাদক, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মোংলায় একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মোংলার হাজী বাহার উদ্দিন সড়কের শিকারীর মোড় এলাকায় এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মানিক গাইন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বক্তব্যে মাদকাসক্তির ভয়াবহতা, নারী ও শিশু নির্যাতনের সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব, পাশাপাশি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচকরা বলেন, এসব অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।