দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনের দিন লাঞ্ছিত হওয়ার কয়েকদিন পর স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী আবুল কালাম মোল্লা (৬০)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও কেন্দ্রে দায়িত্ব পালনকালে আবুল কালাম মোল্লা প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। এর ৩-৪ দিন পর তিনি আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত দুইদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত আবুল কালাম মোল্লা সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের মরহুম জয়নাল মোল্লার সন্তান। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।

বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আজ শুক্রবার বাদ জুমা ঢাকারগাঁও মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ জানাযায় অংশগ্রহণ করেন।

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার এই ত্যাগকে দল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানান।