গণতন্ত্র, উন্নয়ন, নিরাপদ ও মানবিক বড়লেখা-জুড়ী গড়তে বাংলাদেশ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান হয়।
ইশতেহারে বর্তমান সময়কে সম্ভাবনার দ্বার উন্মোচনের সময় উল্লেখ করে বড়লেখা ও জুড়ী উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল ইসলাম। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, মানবিক, ইনসাফভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বড়লেখা-জুড়ী গড়াই এ ইশতেহারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
ঘোষিত ইশতেহারে গ্রাম থেকে শহর পর্যন্ত টেকসই সড়ক উন্নয়ন, যানজট নিরসন, নদী ও খাল পুনঃখনন, শতভাগ বিদ্যুতায়ন, জলাবদ্ধতা নিরসন এবং শহর আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। শিক্ষা খাতে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, নতুন কলেজ স্থাপন, অনার্স কোর্স চালু, শিক্ষা ঋণ ও বৃত্তির ব্যবস্থা এবং গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরা হয়।
ইশতেহারে স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং অসহায় মানুষের জন্য ‘ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়।
এছাড়া চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতিদের নাগরিক অধিকার, ন্যায্য মজুরি, শিক্ষা ও ভূমি সমস্যার সমাধানে বিশেষ কর্মসূচির কথা বলা হয়। কৃষকদের জন্য বিনা লাভে কৃষি ঋণ, হাওরকেন্দ্রিক পরিবেশবান্ধব প্রকল্প, পর্যটন জোন, স্টেডিয়াম, বিনোদন পার্ক ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও ইশতেহারে স্থান পায়।
দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি, বিশেষ মনিটরিং সেল গঠন এবং সকল বাজার সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান, প্রবাসীদের ভোটাধিকার, নারী-শিশু ও বয়োবৃদ্ধদের সুরক্ষা এবং সর্বোপরি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সব ধর্ম, নারী-পুরুষ ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য, মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বড়লেখা-জুড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমিনুল ইসলাম বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই এ অঞ্চলের আগামীর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার-১ আসনের পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমেদ সহ জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।