সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগগুলো দীর্ঘ ৩৪ দিন পর তৃতীয় দফায় খোলার পর রেকর্ড পরিমাণ অর্থ ও সোনা-রৌপ্য পাওয়া গেছে। এবারের গণনা অনুযায়ী মাজারের সিন্দুক ও ডেগ থেকে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, ২ ভরি ১ রতি স্বর্ণালংকার, ২৩টি রৌপ্যমুদ্রা এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার দিনভর মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে এই অর্থ গণনা করা হয়। গণনা শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও মাজার পরিচালনা কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

শনিবার সকাল ১০টার দিকে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও মাজারের মুতাওয়াল্লির উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে থাকা তিনটি বড় দানবাক্স ও তিনটি বড় দানের ডেগের সিলগালা খোলা হয়। সিল খোলার পরপরই সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।

স্বচ্ছতা নিশ্চিত করতে ৩০ জন স্থানীয় স্বেচ্ছাসেবী প্রকাশ্যে বসে দিনভর এই টাকা গণনার কাজ সম্পন্ন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং মাজার জিয়ারতে আসা উৎসুক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

গণনা শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, এবার নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। স্বর্ণ পাওয়া গেছে ২ ভরি ১ রতি এবং রৌপ্য ২৩টি ২ আনা। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৩১ পাউন্ড ১১ পয়সা, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি ও আধা পয়সা, ৭০ সৌদি রিয়াল, ৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ৬৪ দিরহাম ২২ সেন, ২০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১১ কাতারি রিয়াল ৫০ পয়সা, ১০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, ১০ সিঙ্গাপুর ডলার, ৮০ ইরানি টাকা, ১ মালদ্বীপের রুপি এবং ১ কানাডিয়ান ডলার। এ ছাড়া কুয়েতি মুদ্রাও পাওয়া গেছে। এসব অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

এর আগে গত ২২ জুন হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দীর্ঘদিনের ইতিহাসে প্রথমবারের মতো দানবাক্স ও ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনার উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় মাত্র ৪ দিনের জমে থাকা টাকায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল।

পরবর্তীতে ১১ জুলাই দ্বিতীয় দফায় ১৮ দিনের ব্যবধানে গণনা করে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। আর সর্বশেষ তৃতীয় দফায় ৩৪ দিন পর দানবাক্স ও ডেগ খোলায় টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকায়।