ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উদ্যোগে আয়োজিত ‘মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই-২০২৬)’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ডুয়েট ইতোমধ্যে গৌরব ও সাফল্যের মধ্য দিয়ে দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তরুণ গবেষকদের উৎসাহিত করতে এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্স চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব আরও বাড়বে এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে শিল্পখাত উন্নয়নে এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন শিল্প বিপ্লবের বিভিন্ন ধাপ তুলে ধরে বলেন, যন্ত্রকৌশল, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রকৌশল প্রযুক্তিগত উন্নয়নের কেন্দ্রবিন্দু। চতুর্থ শিল্প বিপ্লবের ধারাবাহিকতায় থ্রিডি প্রিন্টিং, স্মার্ট টেক্সটাইল, নবায়নযোগ্য শক্তি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই কনফারেন্স ভবিষ্যতের প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিনিময় ও সহযোগিতার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, এ কনফারেন্স গবেষণাকে কেবল প্রবন্ধে সীমাবদ্ধ না রেখে শিল্প ও সমাজের কল্যাণে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেছে। তিনি তরুণ গবেষকদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। কনফারেন্সের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সুং ইওন কাং এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রুইগ্যাং ওয়াং কী-নোট বক্তব্য দেন।

উল্লেখ্য, দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে ১৯৫টির বেশি টেকনিক্যাল পেপার ও কী-নোট উপস্থাপন করা হয়। বেস্ট পেপার অ্যাওয়ার্ড যৌথভাবে অর্জন করেন অধ্যাপক ড. রুইগ্যাং ওয়াং ও ডুয়েটের পিএইচডি গবেষক মনির হোসেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষকসহ ডুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।