যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক, গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। রোববার (৫ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মিশাল। তিনি ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা এমদাদুলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নিজ বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যা মুহূর্তেই একটি পরিবারের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়।

স্থানীয়রা জানান , বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে মিশালের চালানো প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগতির গাড়িটি সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিশালের মৃত্যু হয়।

এ সময় গাড়িতে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকর্মীরা আহত নারীকে গাড়ি থেকে বের করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার তীব্রতায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। একটি সুখী পরিবারের এমন আকস্মিক বিপর্যয় স্থানীয়দের মাঝেও গভীর বেদনার সৃষ্টি করেছে।