পবিত্র মাহে রমযান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম দেশবাসীসহ চট্টগ্রাম মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
গতকাল বুধবার আছর দেওয়ানবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর এক বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাহে রমযান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত হয়। রমযানের শিক্ষাকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
রমযানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারগুলো নিত্যপণ্য ক্রয়ে হিমশিম খাচ্ছে। বাজারে অস্থিতিশীলতা, অসাধু মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাবে জনমনে উদ্বেগ বিরাজ করছে।
তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, রমযানের মূল শিক্ষা হলো তাকওয়া, ধৈর্য, ত্যাগ ও মানবিকতা। বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যথাযথভাবে যাকাত-ফিতরা আদায় করা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করা। সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন পবিত্র মাহে রমযানের বরকতে দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসে এবং দেশ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূরীভূত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক ও ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুল আলম চৌধুরী, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।