মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের আরিফ হোসেন (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর তার লাশ মাছের ঘেরে ফেলে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড়-সংলগ্ন একটি ঘেরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন উক্ত গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা আরিফের মাথায় উপর্যুপরি কুপিয়ে এবং ডান হাতের কবজি কেটে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ আনোয়ার ফকিরের মাছের ঘেরে ফেলে রেখে যায়। পরদিন সোমবার সকালে মাছ ধরতে এসে স্থানীয়রা ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলের ঘেরপাড়ে রক্তের দাগের পাশে একটি দিয়াশলাই ও নগদ টাকা পাওয়া গেছে।

নিহতের বাবা আতিয়ার রহমান পুলিশকে জানান, ঘটনার দিন রাত ১০টার দিকে বাড়িতে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর সকালে লাশ উদ্ধারের খবর পান।

হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয়দের ধারণা, এলাকায় কিছু উঠতি বয়সী নেশাগ্রস্থ ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিশোর-যুবকদের সঙ্গে আরিফের ওঠাবসা ছিল। কোনো বিরোধের জেরে এ হত্যাকা- ঘটতে পারে। অন্য একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিল। সেটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেও হত্যাকা- ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন হোসেন বলেন, ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।