বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম, জেলা মসজিদ মিশন একাডেমীর সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর ও সিরাজুল ইসলাম কোরবান, সহকারী সেক্রেটারি মাওলানা হাসানুল বান্না উজ্জল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে দ্বীনের দাওয়াত ও সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করতে হবে। আদর্শবান কর্মী গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর রুকনদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।