সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন সড়কের চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নালারকুল-তাঁতীপাড়া সড়ক, দরবেশহাট ডিসি সড়ক এবং পুটিবিলা সুফীফকির জিপিএস হতে সড়াইয়া-রামবিলা সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি কাজের মান, অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে এমপি শাহজাহান চৌধুরী জানান, পুটিবিলার হাজীর রাস্তা ওয়াজ উদ্দিন সিকদারপাড়া সড়ক, পহর চাঁদা আশ্রয়নপাড়া সড়ক এবং আশ্রয়ন প্রকল্প এলাকাও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। পাশাপাশি কলাউজান কানুরাম বাজার-পুটিবিলা নয়াবাজার সড়কের কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ, বটতলী শহর জামায়াতের আমীর অধ্যাপক জালাল আহমেদ, আমিরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী হামিদ হোসাইন, সার্ভেয়ার মঈনুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন আমীর নাজিম উদ্দিন, সেক্রেটারি মাওলানা আইয়ুব সাবের, সাবেক ছাত্রনেতা বজলুর রহমান সিকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবদুল বারি, যুব বিভাগের সভাপতি আবচার উদ্দিন ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।