চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে বর্তমান প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রকৌশলী আজহারুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় সদর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন, বাজার তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। সভায় ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। পরে একই স্থানে সদর উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।