স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী-কে সংবর্ধনা দিয়েছেন কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকরা।
কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে মঙ্গলবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও শিক্ষক পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তাজউদ্দিন, মাদরাসা শিক্ষক পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ ফাইজুল কবির সিদ্দিকী এবং কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন।
সভায় আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আমিনুল হক ফকির, মাদরাসা শিক্ষক পরিষদের সহসভাপতি অধ্যক্ষ বিল্লাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ড. মুহাম্মদ আসাদুল্লাহ সরকার, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিএসসি, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোতালিব হোসেন সবুজ, মাদরাসা শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুজ্জামান এবং কাপাসিয়া উপজেলা ওমেন টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোছলিমা আক্তার সুইটি। এছাড়াও শিক্ষক নেতা আশরাফুল আলম, নজরুল ইসলাম, মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক পরিষদ, মাধ্যমিক শিক্ষক পরিষদ, মাদরাসা শিক্ষক পরিষদ, কলেজ শিক্ষক পরিষদ, মাধ্যমিক ধর্মীয় শিক্ষক পরিষদ এবং কাপাসিয়া উপজেলা ওমেন টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও কাপাসিয়া উপজেলার এমপিওভুক্ত মাদরাসা প্রধানদের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সালাউদ্দিন আইউবী বলেন, শিক্ষকতা একটি মহান ও আদর্শ পেশা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন, তাই শিক্ষকরা তাঁরই উত্তরসূরী। তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত পরিবেশ বজায় রেখে দলমত নির্বিশেষে শিক্ষানুরাগী ও যোগ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠন করা প্রয়োজন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসা শিক্ষক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক পরিষদের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন। পরে উপস্থিত শিক্ষক ও অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।