চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ রেঞ্জে সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। সকাল প্রায় ১১টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে হাসনাবাদ রেঞ্জাধীন তারাখোঁ বন বিটের দাউদের টিলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগড়-সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্ট মৌজার আরএস দাগ নং ১৭০৫৯/১৭০৭৯ এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ঘর নির্মাণ করা হয়েছিল। অভিযান পরিচালনা করে কাঠ ও টিনের তৈরি দুইটি অবৈধ ঘর উচ্ছেদ করা হয় এবং আনুমানিক ১ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণহাটের সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান, করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান এবং হাসনাবাদ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সিফাত আল রাব্বানী। এ সময় হাসনাবাদ, নারায়ণহাট ও করেরহাট রেঞ্জের বন বিভাগের স্টাফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ১ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।