মোংলায় মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাহেবেরমেঠ গ্রামে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খাল পুনঃখনন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনে অতীতে খাল খনন কর্মসূচির ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে তিনি নদী-খাল-বিল ও জলাশয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দখল ও দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানান। খাল পুনঃখনন কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্প। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশকর্মী মো. নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন। স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন সিএনআরএসের উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান।