খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেছেন খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি। একই সময়ে দেশের অন্য ৫ সিটি কর্পোরেশনের প্রশাসকরা ও যোগদান পত্র হস্তান্তর করেন।

যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ দেড় বছর যাবৎ আমলা দ্বারা সিটি কর্পোরেশন পরিচালিত হয়েছে। জনগণের প্রতিনিধিরা জনসেবার দায়িত্বে না থাকায় অনেক সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে, মানুষ ভোগান্তিতে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের সঙ্গে থেকে জনগণের জন্য কাজ করতে। আমরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো। এদিকে খুলনা সিটি করপোরেশন পরিচালনায় ত্যাগী ও পরীক্ষিত নেতা নজরুল ইসলাম মঞ্জুর ওপর আস্থা রাখলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি বিএনপির নেতাকর্মীরা। প্রবীণ নেতারা বলছেন, বিএনপির প্রয়াত চেয়ারপাসন বেগম খালেদা জিয়া খুলনায় দল পরিচালনার জন্য নজরুল ইসলাম মঞ্জুর ওপর আস্থা রেখেছিলেন। ৩৭ বছর ধরে খুলনায় দলকে সুসংগঠিত এবং ২০০৮ সালের নির্বাচন জয় এনে মঞ্জু সব সময় আস্থার প্রতিদান দিয়েছেন। এবার তাঁর ছেলে এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের আস্থার প্রতিদান দিবেন তিনি।।

অপরদিকে খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জুকে প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মো. আবুল বাশার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মো. আযম খান, মো. খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম (শিরোমনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ প্রমুখ।