ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংর্ঘষে নারী-শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরগোলকনগর গ্রামে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নে দরিদ্র মানুষের চাল বিতরণের জন্য স্থানীয় চরগোলকনগর গ্রামের বিএনপি নেতা সায়েম বিশ্বাসের কাছে বেশ কিছু কার্ড দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেই কার্ডের ভাগ চাই স্থানীয় যুবদল নেতা শামীম লস্কর।

তবে কার্ড দিতে অস্বীকৃতি জানাই বিএনপি নেতা সায়েম। একপর্যায়ে এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষের ঘটনা এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’