এনসিপির জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শামীম শিকদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে গ্রেফতার করেছে র্যাব- ৬। শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাকী দুইজন হলেন, তনিমা তন্বী ও আরিফ।
খুলনা র্যাবের মুখপাত্র মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনার পরপর র্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। পরবর্তীতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া তথ্য মতে ও সিসি টিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে সন্দেহভাজনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করি। তাদের আমরা ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট অব্যাহত রাখি। পরবর্তীতে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সন্দেহভাজন হিসেবে মো. আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে শামীম সরদার ওরফে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং মাহদিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। সে নিজেই মোতালেব শিকদারের মাথায় গুলি করেছে বলে র্যাবের কাছে স্বীকার করে।
র্যাব-৬ জানায়, মোতালেব গুলীবিদ্ধ হওয়ার পর আটক আরিফ তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তিনি মোতালেবের সহযোগী ও এনসিপির সদস্য বলে পরিচয় দিতেন।
উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর ১০৯ মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস’ নামের একটি ভবনের নিচতলায় মোতালেব শিকদার গুলীবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকান্ডের আলামত উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা সোনাডাঙা মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭/৮ জনকে আসামি করা হয়। পরদিন বুধবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-তে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার রাতেই সন্দেহভাজন হিসেবে জাতীয় যুবশক্তির নেত্রী তনিমাকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।