টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফনদীর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তিনটি মাছ ধরা নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে ।

গতকাল শনিবার সকাল ৭টার সময় শাহপরীর দ্বীপ ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় ৩ নৌকাসহ ১৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে বলে জানান সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের ইউপি সদস্য আবদুল মান্নান।

আটক জেলেরা হলেন, মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ ফরিদ হোসেন, মোঃ রবিউল হাসান ,মোঃ কালাম ,মোঃ হোসেন আহমদ, মোঃ মীর কাশেম আলী, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ মহিউদ্দিন, মোঃ মলা কালু মিয়া , মোঃ আবু তাহের , মোঃ আবদুল খালেক, মোঃ জাবের মিয়া। আটক জেলেদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ মাঝেরপাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামের বলে জানা গেছে ।

ফিরে আসা জেলেদের বরাতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ভোর ৪ টার সময় তাদের ঘাটের ইঞ্জিল চালিত কিছু নৌকা নাফ নদীর মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টারদিকে মাছ ধরার সময় বেশ কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে অস্ত্রের মুখে ৩ টি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় মাছ ধরার নৌকার মালিক ও জেলেরা আতঙ্কে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানান, নৌকাসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নৌকার মালিক ও জেলে পরিবারের কাছথেকে এখনো লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।