চট্টগ্রামে প্রবাসীকে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ)। এসময় ছিনতাইকৃত ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুবাই থেকে আসা প্রবাসী শফিউল আলম (৩৮) গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভাড়া গাড়িতে করে বায়েজিদ বোস্তামী এলাকায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিল প্রায় ১০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, ২টি বালা ও ৩টি চেইন—যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ ৩ হাজার ৫০০ দিরহাম (প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা), আরও ১৩ হাজার টাকা ও অন্যান্য মালামাল ছিল।

সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে খুলশী থানাধীন টাইগারপাস থেকে লালখান বাজারের মধ্যবর্তী ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে পৌঁছালে একটি নোহা মাইক্রোবাস তার গাড়ির গতিরোধ করে। সেখান থেকে চারজন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি প্রদর্শন করে তাকে জোরপূর্বক মালামাল ছিনিয়ে নেয়। পরে তিনি খুলশী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা নং-১৬ (তারিখ: ১৯/০২/২০২৬) ধারা ১৭০/৩৯২ পেনাল কোডে মামলা রুজু হয়। মামলার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি (দক্ষিণ) বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকা থেকে মো. সোহেল ওরফে সোহেল রানা (৪০)-কে গ্রেফতার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারের আমিন মার্কেটে অবস্থিত আমানত শাহ জুয়েলার্স-এ অভিযান চালিয়ে ছিনতাইকৃত স্বর্ণ ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।