নির্বাচনি প্রচারণার শেষ দিনে গতকাল সোমবার বিকেলে রাজশাহী মহানগরীতে দাঁড়িপাল্লার পক্ষে স্মরণকালের বৃহৎ এক গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নারীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

রাজশাহী-২ (সদর) আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে বেলা ৩টায় নগরীর সিএন্ডবি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর লক্ষীপুর হয়ে মেডিকেলের সামনে দিয়ে জাদুঘর মোড় অতিক্রম করে জিরোপয়েন্ট থেকে নিউ মার্কেটে এসে সমাবেশের মাধ্যমে গণমিছিলটি সমাপ্ত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হন। গণমিছলপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, “আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে আল্লাহর রহমতে দাঁড়িপাল্লার বিজয় হবে। এর মধ্যদিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। নায্যতার ভিত্তিতে সবাই সবার অধিকার পাবে। শিক্ষানগরী রাজশাহী নতুন বিজনেস হাব তৈরির মধ্যদিয়ে হবে বাণিজ্যের নগরী, তৈরি হবে নতুন কর্মসংস্থান, শান্তির নগরে থাকেবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাফিয়া। এই নগরী হবে শান্তির জনপদ। সকলে মিলে গড়ে তুলবো আমাদের শান্তির নগরী। এই নগরীর মানুষ আর ভোট দিতে ভুল করবেন না। আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। কারো রক্তচক্ষুকে ভয় পাবেন না।” মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, রাজশাহীবাসি নারী-পুরুষ নির্বশেষে আজকের গণমিছিলে ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি করেছে তা থেকে বোঝা যায় ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।