লালমনিরহাট সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টা থেকে জেলার ৩টি সংসদীয় আসনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলাসহ ৩টি আসনের ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তারা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলাজুড়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী লালমনিরহাট জেলা হওয়ায় অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবিকে বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এ ছাড়াও দুর্গম চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার ১০৬টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।
সরঞ্জাম গ্রহণ করতে আসা প্রিজাইডিং কর্মকর্তা মোঃকামরুজ্জামান বলেন, প্রশাসনের সহযোগিতায় সময়মতো কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। সে পরিবেশ নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিটি উপজেলায় একাধিক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। চরাঞ্চল ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থাও নেয়া হয়েছে। ৩ আসনে মোট ২২ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন বলে জানা গেছে।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে মোট ৯ জন প্রার্থী। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩শত ৮ জন। এদের মধ্যে হিজরা ২ জন।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে মোট প্রার্থী ৭ জন, ভোটার সংখ্যা মোট ৪ লাখ ৩০ হাজার ৩শত ৪৬ জন এদের মধ্যে হিজরা ৩ জন রয়েছে।
লালমনিরহাট-৩ (সদর) আসনে মোট প্রার্থী ৬ জন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৮ শত ৩৫ জন। এদের মধ্যে হিজরা ২ জন। লালমনিরহাট জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৭৪ হাজার ৬৭ জন, নারী ৫ লাখ ৭০ হাজার ৪২২ জন এবং হিজড়া ভোটার সংখ্যা মোট ৭ জন। লালমনিরহাট (সদর) আসনে ভোট কেন্দ্র ৯৪টি, লালমনিরহাট-২ আসনে ভোট কেন্দ্র ১৫৫টি ও লালমনিরহাট-১ আসনে ভোট কেন্দ্র ১৩৭টি।