সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় চাঁদার টাকা না পেয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সোনারগাঁ পৌরসভার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আব্দুর রহিমের নির্দেশে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সাবল ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
হামলায় গুরুতর আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ ও পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
আহত আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের সঙ্গে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি গতকাল ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয় বলেও অভিযোগে বলা হয়।
ভুক্তভোগীদের দাবি, তারাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ব্যবসায়িকভাবে ড্রেজার ও বালি ভরাটের কাজ করে আসছেন। তাদের অভিযোগ, সম্প্রতি ‘নব্য’ কিছু কর্মী প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা দাবি করছে।
মামলায় অভিযুক্তরা হলেন, আব্দুর রাহিম (৬০), মো. ইব্রাহিম (২৬), ইস্রাফিল (২৪), মো. নজরুল ইসলাম (৩৬), রায়হান (২০), মো. রোমান (২৪), ইমাম হাসান (২৩), মো. সোহাগ (২২) ও মো. সিয়াম (২০)। তারা সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর কিছুই জানি না।’
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।