পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যুবদল নেতা কাকনের ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুনদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাশবাড়ী থানা পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- হোসেনপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বেলালের ছেলে উজ্জ্বল (১৭) এবং পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের হেলালের ছেলে সৌরভ (২২)। প্রাথমিকভাবে তারা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ প্রধানের ভাগ্নে ও স্থানীয় যুবদল নেতা কাকনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ তোলে।

ঘটনার পর বরিশাল ইউনিয়ন স্থানীয় জামায়াত আমীর শামীম প্রধান তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানান। এদিকে ছাত্রদলের ২ কর্মীকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান চলছে।