নরসিংদীর ৫ টি সংসদীয় আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ২৭ প্রার্থীর। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে কাক্সিক্ষত ভোট না পাওয়ায় ২৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তবে ৫টি আসনেই ধানের শীষ প্রতিকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এসব আসনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থীরা। ৫টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা ছিলেন ৪১ জন প্রার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পরিপত্র অনুযায়ী কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত ৮ ভাগের ১ ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হবে। এই পরিমাণ ভোট না পেলে জামানত হিসেবে জমা দেয়া প্রার্থীর ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।
নরসিংদী-১ (সদর) আসনে জামানত হারিয়েছেন ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন। তারা হলে জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ হোসেন, গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী, গণঅধিকার পরিষদের শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ।
নরসিংদী-২ (পলাশ) আসনে জামানত হারিয়েছে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন। তারা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, জাতীয় পার্টির এ.এন.এম রফিকুল ইসলাম সেলিম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামানত হারিয়েছেন ৮ জন প্রার্থী মধ্যে ৫ জন। তারা হলেন জাকের পার্টির প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টির একেএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রায়হান মিয়া।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে জামানত হারিয়েছে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন। তারা হলেন জনতার দলের আবু দার্দ্দা মো. মাজ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম, কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া, খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে জামানত হারিয়েছে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জন। তারা হলেন বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার তৌফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।
পাঁচটি আসনের মধ্যে ১৬৩ ভোট পেয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী শরীফুল ইসলাম।