খুলনায় নেশার টাকার জন্য মা মিম্মি বেগম (৫০) কে পিটিয়ে হত্যা করেছেন ছেলে নাদিম ইসলাম (৩০)। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিম্মি বেগম আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।

নাদিমের বোন বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। শ্বশুর বাড়ি ছিলাম। আমি খুনীর ফাঁসি চাই। আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি। এলাকাবাসীও জানান, নাদিম মাদকাসক্ত ছিলো। নেশার টাকার জন্য সে মাকে পিটিয়ে হত্যা করেছে।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮ টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাড়ে ৮ টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌণে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাঁধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিকভাবে আমরা খবর পাই ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। এখন তদন্ত করে দেখতে হবে কি কারণে করেছে। ছেলেকে গ্রেফতার করা হয়েছে।