নোয়াখালীর হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় নির্যাতনের অভিযোগ করা নারীর নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালে ভুক্তভোগীর নিরাপত্তায় একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নেতৃত্বে সাত সদস্যের পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, উপ-পরিদর্শক (এসআই) সায়মার নেতৃত্বে একজন নারী এএসআই, দুইজন নারী কনস্টেবল ও তিনজন পুরুষ কনস্টেবল ভুক্তভোগীর পাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগীর সঙ্গে থাকা এনসিপির চানন্দি ইউনিয়ন ছাত্রশক্তির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, প্রাণনাশের হুমকি পেয়ে ভুক্তভোগীর স্বামী হাতিয়ার নিঝুম দ্বীপে পালিয়ে গেছে। তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি এলে মামলা দায়ের করবেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগীকে আমরা পর্যাপ্ত চিকিৎসা দিয়ে যাচ্ছি। কিন্তু থানা বা কোর্ট থেকে কোনো নির্দেশনা না আসায় আমরা তার যেসব পরীক্ষা করা দরকার তা করতে পারছি না।