মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে কুপিয়ে জখম করার অভিযোগে আদালতে মামলা করেছেন এক প্রবাসীর স্ত্রী। মামলা সূত্রে জানা যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের প্রবাসী মোশাররফ হোসেনোর স্ত্রী রোকশানা আক্তার মায়া পাশ্ববর্তী বাড়ির রমজান আলীর ছেলে আবদুল মমিনের কাছ থেকে ৮. ৭৫ শতক জায়গা ক্রয় করেন।
জায়গা কেনার পর থেকে আবদুল মমিনের ভাই মোঃ মহিউদ্দিন (৪৫) বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে গত ২৩ ফেব্রুয়ারি রোকশানাকে একা পেয়ে মহিউদ্দিন ও তার পরিবারের লোকজন ক্রয়কৃত জায়গা ফেরত দিতে গালাগাল করতে থাকে। প্রতিবাদ করলে মহিউদ্দিন ও তার লোকজন ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এসময় গৃহবধূ রোকশানা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে রোকশানার বাম হাতের কব্জি কেটে যায়। পরে রোকশানার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে মহিউদ্দিন ও তার লোকজন চলে যায়। স্থানীয় লোকজন আহত গৃহবধূ রোকশানাকে উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। হামলার ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আদালতে মহিউদ্দিনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।