গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত না হলে সমাজের কল্যাণ সাধিত হবে না। তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে যে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও অসততা দেখা যাচ্ছে, তা দূর করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামী আদর্শ চর্চা করতে হবে। তিনি সবাইকে রমযানের শিক্ষাকে সারাবছর জীবনে ধারণ করার আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কাজীপাড়া মাঠে এক বিশাল ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। মোহনপুর ইউনিয়ন আমীর জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ্, উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, মাহে রমযান হলো আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন মানুষের মাঝে তাকওয়া সৃষ্টি করার জন্য। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের চিন্তা-চেতনা, চরিত্র ও আচরণকে পরিশুদ্ধ করার এক মহৎ প্রশিক্ষণ। তিনি বলেন, আল্লাহর ভীতি হৃদয়ে জাগ্রত না হলে সমাজের প্রকৃত কল্যাণ সাধিত হতে পারে না। ব্যক্তি জীবনে আল্লাহভীতি না থাকলে সে অন্যায়, দুর্নীতি ও অবিচার থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তাই সমাজে ন্যায়, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো তাকওয়া। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ন্যায় ও সত্যের পক্ষে সোচ্চার হওয়া এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে রমযানের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে হবে। ইফতার অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।