বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার বেড়া উপজেলার প্রবীণ সদস্য (রুকন) মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মহিলা সদস্য (রুকন) মোসা: খুখু মনির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক শোকবানীতে তিনি এ শোক জানান। শোকবাণীতে তিনি বলেন, মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও মোসা: খুখু মনির ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন ভাই এবং একজন বোনকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল ওয়াহাব হার্টের অসুস্থতাজনিত কারণে গত মঙ্গলবার দুপুর ১২টায় ৭৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন রাত ৮:৩০টায় নিজ বাসভবন খাকছাড়া বাজারের পূর্ব পাশে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে এবং মোসা: খুখু মনি প্রায় দু’মাস যাবত গাইনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর ৫টায় ৩৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্বামী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন বিকেল ৫টায় বামনীকাঠি সুলতান দুয়ারী হেমায়েত উদ্দিনের বাড়িতে জানাযা শেষে তাঁকে বামনীকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।