বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে তারাবির নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা দেশটি কে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে ইরানে সামরিক হামলা বন্ধ ও নিরীহ নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তাদের এ ধরনের হামলা আন্তর্জাতিক নীতিমালা ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে মরহুম আয়াতুল্লাহ খামেনিসহ নিহতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিআইএ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ।