গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাড়ারটেক-মানিকপুর হয়ে সোমবাজার পর্যন্ত সড়কটির সংস্কার ও সম্প্রসারণ কাজে নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজের ক্ষেত্রে নির্ধারিত ৩৮ মিলিমিটার আকারের প্রথম শ্রেণির ইটের খোয়ার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বড় আকারের ভাঙাচোরা ও নিম্নমানের ইটের টুকরো। পাশাপাশি বালুর স্থলে লাল মাটি ও ধুলো মিশিয়ে কাজ চালানো হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব ও টি‌কসই উন্নয়নের পরিপন্থী। স্থানীয়দের মতে, এভাবে কাজ চলতে থাকলে সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, উন্নয়নের নামে এ ধরনের অনিয়ম আসলে জনগণের অর্থের অপচয় ও লুটপাটের শামিল। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত সড়ক যদি মানহীন হয়, তবে তার দায় সংশ্লিষ্টদেরকেই নিতে হবে।

তারা আরও বলেন, জনগণের টাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, প্রকল্পের কাজ অবিলম্বে পরিদর্শন করে মান যাচাই, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে, যাতে উন্নয়নের নামে কোনো অনিয়ম বা দুর্নীতি জনগণের ওপর চাপিয়ে দেওয়া না হয়।