চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বাল্কহেড জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। আটক ব্যক্তিরা হলেন মো. ইমরান (২১), মো. আনিস (২৯), মো. মনির হোসেন (৪৫), মো. আলী (৪৭) ও মো. রুবেল (২৭)।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেড জাহাজে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা বাল্কহেডটির গতিবিধি নজরদারিতে রাখেন। একপর্যায়ে জাহাজটি কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করলে অভিযান চালানো হয়। এ সময় নৌকা থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করেন। পরে বাল্কহেডটির ইঞ্জিন কক্ষে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।