ঝালকাঠি সংবাদদাতা : ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট স্বাস্থ্য গবেষক ডঃ. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে বাড়ি ঘর এবং আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি সুনাগরিক হিসেবে সকলের দায়িত্ব ও কর্তব্য। জনগণ সচেতন না হলে সরকারের একার পক্ষে এত বড় কাজ সম্পন্ন করা সম্ভব নয়। উন্নত দেশের জনগণ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করে। দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনবসতির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

১৪ মার্চ শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক অভিযানে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডঃ জিয়াউদ্দিন হায়দার। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন, পৌরসভার কর্মকর্তা, জেলা রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মশা নিধন ঔষধ ব্যবহার করা হয়।

তিতাস (কুমিল্লা)

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।

র‌্যালিটি গুরুত্বপূর্ণ গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান বলেন, দেশে মশাবাহিত রোগ শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই।এখন তা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়ার জন্য পরামর্শ দেন। কোথাও যেন আবর্জনা বা নোংরা পানি জমে না থাকে এবং ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. বিল্লাল হোসেন, ডা. আয়েশা কাদের আরওয়া, ডা. সুদীপ কুমার ডা. নাজমুল ডা. মাহবুবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালি শেষে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

রাজারহাট (কুড়িগ্রাম)

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘ক্লিনিং স্যাটারডে’ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হাসপাতাল এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসূল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য জনসচেতনতা ও সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। বক্তারা বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

রাণীনগর (নওগাঁ) : সরকার ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে দেশব্যাপী প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনার কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে নওগাঁর ১১টি উপজেলায় প্রতি শনিবার নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার কর্মসূচির প্রথমেই নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি সচেতনতা মূলক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মসূচির পরিচ্ছন্নতাকর্মীরা পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গন আগাছা মুক্ত করার কাজ অব্যাহত রাখে। একইভাবে জেলার ১১টি উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

বোদা (পঞ্চগড়)

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ের বোদা পৌরসভায় প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে এই কর্মসূচির অংশ হিসেবে একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বদ্ধপরিকর। ডেঙ্গু নির্মূলে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। আমরা প্রতি শনিবার এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে এই অভিযান চালিয়ে যাচ্ছি।” পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা এতে অংশ নিয়ে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র ধ্বংস করেন। আগামী দিনেও নিয়মিত এ ধরণের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রবিউল ইসলাম।

পলাশবাড়ী (গাইবান্ধা)

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ডেঙ্গুসহ মশা-মাছিবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধার পলাশবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া। তিনি সকলকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।