নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর ইউনিয়নে প্রতিবন্ধী এক অটোরিকশা চালককে হত্যা করে ধান খেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত আবদুল আহাদ (২৪) কুতুবপুর ইউনিয়নের নুরুল আলম এর ছেলে। সে ইউনিয়নের বাসিন্দা। আহাদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
গত রোববার দুপুরে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সী বাড়ির পিছনের একটি ধানক্ষেত থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মুন্সী বাড়ির পিছনের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা কাছে গিয়ে লাশটি নিখোঁজ অটোরিকশা চালক আহাদের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন শতশত মানুষ। এ সময় আহাদের ব্যবহৃত অটোরিকশাটি আশেপাশে কোথাও পাওয়া যায়নি। এ সময় তার মুখে গলায় টেপ প্যাঁচানো অবস্থায় ছিল।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মানিক জানান, দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে আহাদকে মৃত অবস্থায় পাই। তার অটোরিকশাটি পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে আমাদের ধারণা, ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে যাওয়ার জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিমসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার কারণ ও নেপথ্যে কারা রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।