বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ১২দলীয় জোটের নেতারা। গতকাল বুধবার বিকেলে তারা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে তারেক রহমান ১২দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতারা মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করেছেন। এদিকে তারেক রহমানকে তার একটি কার্টুন উপহার দিয়েছেন কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই কার্টুনটি হাতে পাওয়ার পর শিল্পী উদয়কে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। বুধবার বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের হাতে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তুলে দেন কার্টুনিস্ট উদয়।