ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নির্বাচনের পরপরই জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে মাঠে নেমেছেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর নবাগত সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার। তিনি উপজেলার নাউতারা, ঝুনাগাছ ও খালিশা চাপানি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও অলিগলি পরিদর্শন করেন।

এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের দাম যাচাই করেন। বাজারের সার্বিক পরিস্থিতি, ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি ও স্থানীয় সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন তিনি।

পরিদর্শনকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এমপির সঙ্গে করমর্দন করেন এবং নিজেদের আশা-আকাক্সক্ষার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের এমন সরাসরি সম্পৃক্ততায় এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে। তাই জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা জানা ও সমাধানে কাজ করাই আমার প্রথম অঙ্গীকার।” তিনি বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নবাগত এমপির এমন সরাসরি তদারকি ও জনসম্পৃক্ততা এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।