বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। সম্প্রতি বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেবীগঞ্জ থেকে বোদার দিকে আসা একটি অটোরিকশা (সিএনজি) একটি মিথিলা ভ্যান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সাথে প্রচ- মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় অটোরিকশাটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই দুই নারী মারা যান এবং ছয়জন গুরুতর আহত হন। নিহতদের একজন পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী খোইটালী বর্মন (৫০)। আহত ছয়জনের মধ্যে রয়েছে আড়াই বছরের নাসির ও দুই বছরের হিমেল নামের দুই শিশু। তাদেরসহ পাঁচজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও একজনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর আহতদের প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনাকারী ট্রাকটি স্থানীয় বাসিন্দারা আটক করেছেন। তবে সংঘর্ষের আগেই ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।