কুমিল্লা মেডিকেল সেন্টার (কুমিল্লা টাওয়ার)-এর পরিচালক ও সাবেক ছাত্রশিবির নেতা ডা. এম এ মান্নান (৭০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর এবং কুমিল্লা মেডিকেল সেন্টার এর চেয়ারম্যান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং সেক্রেটারি মাহবুবর রহমান।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সেক্রেটারী ডা. জুয়েল রানা। কুমিল্লা মেডিকেল সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডা.জাহাঙ্গীর হোসেন, অর্থ পরিচালক হাজী নুর উদ্দিন। বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ডা. এম এ মান্নান একজন নিবেদিতপ্রাণ, সৎ ও মানবিক চিকিৎসক ছিলেন। তিনি ১৯৮৪ সালে রংপুর মহানগরী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।