চব্বিশের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের জব্দকৃত সব আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

গতকাল বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২০ জানুয়ারি এর উদ্বোধন হবে। সেখানে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে হওয়া বা চলমান বিচারাধীন মামলায় যেসব আলামত জব্দ করা হয়েছে, তা প্রদর্শনের জন্য আমরা একটি আবেদন করেছি। অর্থাৎ এসব মামলায় জব্দকৃত গুলী, অস্ত্র, রক্তমাখা পোশাক, গুম হওয়া ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত সরঞ্জাম যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দেওয়া হয়।

শুনানি শেষে আগামী এক মাসের জন্য মামলা সম্পর্কিত এসব আলামত প্রদর্শনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। শুধুমাত্র আগামী এক মাসের জন্য প্রদর্শন করতে পারবেন দর্শনার্থীরা।