ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলায় জ্বালানি গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে। অধিকাংশ দোকানে পাওয়া যাচ্ছেনা গ্যাস সিলিন্ডার। মুষ্টিমেয় কয়েকটা দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে চড়া দামে। পবিত্র রমজান শুরু হওয়ার সাথে সাথে জ্বালানি গ্যাসের এমন সংকট চরম বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। এটি কি কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রি হচ্ছে নাকি আমদানি সমস্যা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

এ বিষয়ে ঈদগাঁও মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ বলেন, জ্বালানি হিসাবে অধিকাংশ মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন। যা মানব সভ্যতার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাসে এই জ্বালানি গ্যাস সংকট সাধারণ মানুষের জীবন যাত্রা চরম ব্যহত হচ্ছে। এই সংকট দ্রুত সামাধান করা উচিত।

ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার বেলাল উদ্দিন বলেন ১২০০ টাকার গ্যাস সিলিন্ডার সংকট অজুহাতে বর্তমানে ১৯০০ থেকে ২০০০ টাকা বিক্রি করা হচ্ছে। এটি সাধারন মানুষের নাগালের বাইরে। যা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সুত্রে জানা গেছে আমদানি ঘাটতি, সরবরাহ ব্যবস্থায় জটিলতা এবং এলএনজি আমদানির ঘাটতির কারণে এই সংকট সৃষ্টি হয়েছে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান বলেন, জ্বালানি গ্যাস সংকটের বিষয়টি ঈদগাঁওসহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে। এটি কি অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট নাকি অন্য সমস্যা তা খতিয়ে দেখা হচ্ছে।